ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তোলার লক্ষ্য এবং চট্টগ্রামের সিআরবি রেলওয়ে জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন উপলক্ষে চট্টগ্রাম সফর করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব।
শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রামে সফরকালে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে রেলপথ সচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।
সফরকালে রেলওয়ের সেবার মানোন্নয়ন, ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তোলা এবং রেলওয়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে সিআরবি রেলওয়ে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও পরিবেশও পরিদর্শন করা হয়।
দিনব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা রেলপথ সচিবের সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন। কর্মসূচি ঘিরে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
এ সময় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহসাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ এবং ক্রীড়া সম্পাদক মো. নাদিম।
এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, রেলওয়ের পরিবেশ আরও স্বাস্থ্যকর ও জনবান্ধব করে তোলা এবং তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রেলওয়ের হাসপাতালগুলোর পরিবেশ ও সেবার মান উন্নয়নেও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা।