THE B NEWS 24

ভোর ৫:২৫ - রবিবার - ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
ভোর ৫:২৫ - রবিবার - ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
বিশ্ব সর্বশেষ

পাকিস্তানে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহী

পাকিস্তানের উত্তরাঞ্চলে পর্বতারোহণ অভিযানের সময় তুষারধসে খ্যাতিমান নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির আলপাইন ক্লাব শুক্রবার এ তথ্য জানিয়েছে।

আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে জানায়, কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে আরোহীদের একটি দলের ওপর তুষারধস নেমেছে।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্লাবটি জানায়, নির্মল পূর্জার নেতৃত্বাধীন দলের সঙ্গে দুর্ঘটনার পর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযানকারী দলে মোট ১০ জন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন মার্কিন, একজন চীনা পর্বতারোহী এবং আরেকজন বিদেশি নাগরিক।

ক্লাবটি আরও জানায়, তুষারধসের পর থেকে পুরো দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

৪৩ বছর বয়সী নির্মল পূর্জা ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেড অব গুর্খাসে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি রয়্যাল মেরিনসের স্পেশাল বোট স্কোয়াড্রনে যোগ দেন। পূর্ণকালীন পর্বতারোহী ও ট্যুর গাইড হওয়ার পর তিনি একাধিক পর্বতারোহণের রেকর্ড গড়েছেন।

২০১৯ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে মাত্র ছয় মাস ছয় দিনে তিনি বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ আরোহন করেন। সে সময় এটি ছিল একটি রেকর্ড।

২০২১ সালে আরও নয়জন নেপালি পর্বতারোহীকে নিয়ে তিনি প্রথমবারের মতো শীতকালে কে-টু শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেন।

‘আমি শুধু নিরাপদ যাত্রা চাই’-
এ সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নির্মল পূর্জা লিখেন, অক্সিজেন ছাড়া দুইবার বিশ্বের ১৪টি ‘সুপার পিক’ আরোহনকারী প্রথম ব্যক্তি হওয়ার খুব কাছাকাছি তিনি পৌঁছে গেছেন।

ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। এটি পাকিস্তানের উত্তরাঞ্চলের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গগুলোর মধ্যে এটিকে সবচেয়ে কঠিন এবং কারিগরি দক্ষতা নির্ভর আরোহণগুলোর একটি হিসেবে ধরা হয়।

১৯৫৭ সালে অস্ট্রিয়ার একটি দল প্রথম এ শৃঙ্গে আরোহণ করে।

আলপাইন ক্লাব জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য পাকিস্তান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এগুলোতে উদ্ধারকর্মী এবং অতিরিক্ত বিশেষায়িত সরঞ্জাম রয়েছে।

ক্লাবটি জানায়, দুর্গম উচ্চ পার্বত্য পরিবেশে আটকে পড়া আরোহীদের সহায়তা এবং উদ্ধার অভিযান আরও কার্যকর করতে আকাশপথের এ সহায়তা দেওয়া হচ্ছে। বিএসএস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *