THE B NEWS 24

সকাল ৬:২৫ - শুক্রবার - ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সকাল ৬:২৫ - শুক্রবার - ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
জাতীয় সর্বশেষ

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে পাঁচ সমঝোতা স্মারক

ঢাকা : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনের এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার সহায়তা চাইবে।

কূটনৈতিক সূত্র জানায়, ১১ আগস্ট কুয়ালালামপুর পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। পরদিন (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। এ বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতা নিরসন, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য, সামুদ্রিক অর্থনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে সই হবে সম্ভাব্য পাঁচটি এমওইউ—প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে সমঝোতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মিমোসের মধ্যে চুক্তি, এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই)-এর মধ্যে চুক্তি।

এছাড়া নোট বিনিময় হবে হালাল খাদ্য ব্যবস্থাপনা, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনস (আইডিএফআর)-এর মধ্যে সহযোগিতা, এবং উচ্চশিক্ষা খাতে। বৈঠকের পর বাংলাদেশ-মালয়েশিয়া ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ উদ্বোধনেরও পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টার সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, *“সর্বোচ্চ পর্যায়ে সফর হচ্ছে, দুই দেশের সরকার প্রধানের মধ্যে সুসম্পর্ক রয়েছে—এটি কাজে লাগিয়ে আমরা অনেক জটিলতা দূর করতে পারব।”

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ায় পৌঁছে প্রধান উপদেষ্টা গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন এবং বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সফরে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস, কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ওই বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। আগামী ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ঢাকায় ফিরবেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *