চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন নদী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীর খালে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে ভেতরে মরদেহ রয়েছে বুঝতে পারেন। পরে তারা বিষয়টি সদরঘাট নৌ পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দুই ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেন।
পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, “মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।